২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার হরতাল ডেকেছে বিএনপি

খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের সময়ে এটা বিএনপির দ্বিতীয় হরতাল। দেলোয়ার বলেন, "সরকার অগণতান্ত্রিকভাবে র‌্যাব-পুলিশ দিয়ে বিরোধীদলীয় নেতার বাড়ি ঘিরে রেখেছে। আমরা খবর পেয়েছি, তারা নেত্রীর বেডরুমে দরজায় কড়া নেড়ে তাকে ১০ মিনিটের মধ্যে চলে যেতে বলেছে। আমরা এরকম ঔদ্ধত্যের প্রতিবাদে আগামীকাল (রোববার) সারাদেশে হরতাল আহ্বান করছি।" হরতালের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যদিও হরতালের কর্মসূচি ঘোষণার সময় থেকে বিএনপি কার্যালয়ের আশপাশে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। হরতালের কর্মসূচির সমর্থনে বিএনপিকর্মীরা কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। কয়েকজনকেও আটকও করা হয়। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শ্রমিক দল। তাদের পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বিএনপিকর্মীদের ওপর লাঠিপেটার প্রতিবাদ জানিয়েছেন দেলোয়ার। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর ফটকে পুলিশের লাঠিপেটায় সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও শাম্মী আক্তারসহ কয়েকজন আহত হয়েছেন বলে দেলোয়ার জানিয়েছেন। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাসহ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। হাইকোর্টের রায় অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি খালি করার উদ্যোগ নিলে শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা তার প্রতিবাদ জানাতে থাকে। বাড়ি নিয়ে সরকারের তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষুব্ধ বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাতের খবর পাওয়া গেছে। বগুড়ায় বিএনপিকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান ও দিনাজপুরেও। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে তা খারিজ করে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয় হাইকোর্ট। সে সময় অতিক্রান্ত হওয়ার পর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করার উদ্যোগ নিলো। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন আপিলের আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে। আপিল বিভাগে শুনানি চলাকালে বাড়ি খালি করার এ প্রক্রিয়া আইনসম্মত নয় বলে খালেদার কৌঁসুলিরা দাবি করছেন। তারা শনিবার সকালে এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর অবশ্য বলছে, আদালতের রায় বাস্তবায়নে কাজ করছে তারা। খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়ছেন বলে আইএসপিআর বললেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের অভিযোগ, সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে বাধ্য করতে খালেদাকে কার্যত গৃহবন্দি করা হয়েছে। খালেদার আইনজীবীরাও বলছেন, স্বেচ্ছায় বাড়ি ছাড়ার খবর ভিত্তিহীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/আরএ/এজে/এমআই/১৪৪২ ঘ.