২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

খালেদা জিয়ার বাড়ি নিয়ে সরকারি তৎপরতার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:51 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বাড়ি নিয়ে সরকারি তৎপরতার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি ভাংচুরের পর বিএনপির চারজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। কার্যালয়ের সামনের সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ জলকামান নিয়ে সেখানে অবস্থান নিয়েছে। র‌্যাবের একাধিক দলকে সেখানে টহল দিতে দেখা যাচ্ছে। সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা দিলেও পুলিশ কাউকে সেখানে দাঁড়াতে দিচ্ছে না। অফিসের সমানে লাইন ধরে পুলিশ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সমানে থেকে শ্রমিক দলের কর্মীদের একটি মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।ওই সময় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে শ্রমিক দল কর্মীরা। কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা অবস্থান করছেন। দুপুর ১২টায় বিএনপির একটি জরুরি যৌথসভা হওয়ার কথা রয়েছে। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জ্যেষ্ঠ নেতারা আসছেন। যৌথসভার পাশাপাশি তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হবে। আমরা এ বিষয়গুলো নিয়ে পরে ব্রিফিং করবো।" খোন্দকার দেলোয়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, "সরকারের প্রতিহিংসার হিংস্র চরিত্র আজ ফুটে উঠেছে। পুলিশ-র‌্যাবসহ সেনাবাহিনীকে ব্যবহার করছে তারা। এটা কোনো গণতান্ত্রিক সরকারের কর্মকাণ্ড হতে পারে না।" ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। তবে হাইকোর্টের দেওয়া সময়সীমা রোববার মধ্যরাতে অতিক্রান্ত হওয়ার পরপরই ওই বাড়ি খালি করার উদ্যোগ নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪০ ঘ.