২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়েছে: দেলোয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করতেই তাকে সেখানে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করতেই তাকে সেখানে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, "আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই- খালেদা জিয়া বাড়ি ছাড়ছেন না। যদি তিনি ছাড়তেন তবে সর্বোচ্চ আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতেন না। সরকার জনগণকে বিভ্রান্ত করতে তার বাড়ি র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের দিয়ে ঘেরাও করে রেখেছে। তাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।" এ সময় তিনি অবিলম্বে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬নং বাড়ির ভেতর থেকে পুলিশ-র‌্যাব প্রত্যাহারের দাবি জানান। স্বেচ্ছায় খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়া নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, অসত্য হিসেবে অভিহিত করে খোন্দকার দেলোয়ার বলেন, "বিভ্রান্তি ছড়াতে আইএসপিআরকে ব্যবহার করে সরকার অসত্য প্রচারণা চালাচ্ছ। আমরা এর নিন্দা জানাই।'' তিনি বলেন, "সরকার খালেদা জিয়াকে কেবল গৃহবন্দিই করেনি। তার বাড়ির সব কাজের লোকজনকে আটক করে নিয়ে গেছে। আইনজীবীদেরকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।" বিএনপি মহাসচিব সরকারকে প্রতিহিংসার পথ পরিহার করার আহবান জানিয়ে বলেন, "আমরা আশা করব, সরকার এরকম গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাখবে। সরকারের হিংস চরিত্র এই কর্মকাণ্ডের মাধ্যমে আজ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে পড়েছে।" তিনি অভিযোগ করে বলেন, "সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে প্রশাসন, পুলিশ, বিচারবিভাগসহ সেনাবাহিনীকেও ব্যবহার করছে। এটা দুর্ভাগ্যজনক।" খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়াকে বেআইনী ও অবৈধ দাবি করে দেলোয়ার বলেন, "বেগম জিয়ার বাড়ির বিষয়টি এখন সুপ্রিম কোর্টের নিষ্পত্তির অপেক্ষায় আছে। তাই সরকারবে বলবো, কোর্টের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ দিন।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব ও পুলিশ সদস্যরা খালেদা জিয়ার সেনানিবাসের প্রধান ফটক খুলে বাড়ির আঙ্গিনায় এবং ছাদে অবস্থান নিয়েছে বলে একজন কেয়ারটেকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এর আগে সকাল ৬টা ৫০ মিনিটে বাড়ির প্রধান ফটকের সামনে র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয় বলে জানান আরেকজন কেয়ারটেকার। বাড়ি খালি করে দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের সময়সীমা পার হওয়ার পরদিন সকালেই এ পদক্ষেপ নেওয়া হয়। ওদিকে এ পরিস্থিতিতে দুপুর ১২টায় বিএনপির জরুরি যৌথ সভা আহবান করা হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। তিনি আরো জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের এই বাড়ি ছেড়ে দিচ্ছেন বলে শুক্রবার রাতে গুজব ছড়ালেও সে খবর নাকচ করে দেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি জানান, শুক্রবার বিকাল থেকেই বাড়ি থেকে উচ্ছেদের গুজব রটানো হয়। ওই গুজবের পর রাতেই ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সমাবেত হন বিএনপির নেতাকর্মীরা। রাত ৩টা পর্যন্ত অবস্থান করার পর তারা ফিরে যান। এরপর সকালেও সেখানে গেছেন বিএনপি নেতারা; কর্মীদের নিয়ে তারা মিছিল করছেন। সেখানে আছেন সাংবাদিকরাও। তবে তাদের কাউকে সেনানিবাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীর গেইটের সামনে সকালে বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ মহিলা সাংসদ ও কর্মীরা অবস্থান নেন। জাহাঙ্গীর গেইট দিয়ে বিএনপি নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে হয়রানি ও হেনস্তা করা অবৈধ ও অগণতান্ত্রিক। আদালতে এ নিয়ে শুনানি চলছে, এরপর সরকার তা তোয়াক্কা না করে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে।" সকাল সোয়া ৮টার দিকে মওদুদ আহমদ বলেন, "সর্বোচ্চ আদালতে এই স্পর্শকাতর মামলার বিষয়টি নিয়ে যখন শুনানির কার্যক্রম চলছে ঠিক সে সময়ে সরকারের এ ধরনের পদক্ষেপ সর্বোচ্চ আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। "আমার রাজনৈতিক জীবনে এই ধরনের নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়নি।" সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। এর পরপরই বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বাসভবনের দিকে রওনা করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে খালেদা জিয়ার চার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মওদুদ অহমদ এবং র‌্যারিস্টার রফিক-উল-হকের কথা হয়। প্রধান বিচারপতির সঙ্গে কথা শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে তারা তার বাসভবন থেকে বেরিয়ে আসেন। তখন ব্যারিস্টার রফিক-উল-হক সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ বিষয়ে জানানো হবে। সকালে স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক হিসেবে অভিহিতি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান একথা জানিয়ে বলেন, "ম্যাডাম স্বেচ্ছায় বাড়ি ছাড়ছেন না। এই বাড়িতে থাকার অধিকার তার আছে।" এর আগে শনিবারই আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন। খালেদা জিয়ার বিশেষ অনুরোধে স্থানান্তর প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।" ২০০৯ সালে ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বরাদ্ধ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে ইজারার শর্ত ভঙ্গ ও ইজারা দেওয়ার বৈধতা নেই- অভিযোগ তুলে তা বাতিলের কথা বলা হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬নং বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। মন্ত্রিসভার বৈঠকে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/১১৫৩ ঘ.