ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে তার চার আইনজীবীর কথা হয়েছে।
প্রধান বিচারপতির সঙ্গে কথা শেষ করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা তার বাসভবন থেকে বেরিয়ে আসেন।
তখন ব্যারিস্টার রফিক-উল-হক সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ বিষয়ে জানানো হবে।
এ আগে সকাল সাড়ে ৮টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিক-উল-হক ও মওদুদ আহমদ প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে যান।
সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল তখন বাসভবনের বাইরে অবস্থান করছিলেন। সকাল ১০টার দিকে সমিতির সভাপতি বাইরে এসে সাধারণ সম্পাদককে ভেতরে নিয়ে যান।
এর আগে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "আমাদেরকে বাসায় চেম্বারে অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা অপেক্ষায় আছি।
এ সময় তিনি বলেন, "ম্যাডামের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুলিশ বাড়ির আঙ্গিনায় অবস্থায় নিয়ে ঘেরাও করে রেখেছে। ম্যাডাম আমাদের বলেছেন, আমাদের পরামর্শ ছাড়া কোনো অবস্থায়ই তিনি বাড়ি থেকে বের হবেন না।
"আমরা প্রধান বিচারপতির সঙ্গে আলাপের পর ম্যাডামের সঙ্গে কথা বলবো।"
এ সময় প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপি সমর্থক আইনজীবীরাও জড়ো হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১০৩২ ঘ.
bdnews24