ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন। খালেদা জিয়ার বিশেষ অনুরোধে স্থানান্তর প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।"
তবে আইএসপিআর এর এ বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক হিসেবে অভিহিতি করেছেন বিরোধী দলীয় নেতা।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "ম্যাডাম স্বেচ্ছায় বাড়ি ছাড়ছেন না। এই বাড়িতে থাকার অধিকার তার আছে।"
মারুফ কামাল জানান, বিষয়টি নিয়ে খালেদা জিয়া আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন। এজন্য ব্যারিস্টার রফিক-উল-হকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য তার হেয়ার রোডের বাড়ির সামনে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/কেএমএস/১০২৩ ঘ.
bdnews24