২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়িতে র‌্যাব-পুলিশ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির ভেতরে ঢুকেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:38 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির ভেতরে ঢুকেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা প্রধান ফটক খুলে বাড়ির আঙ্গিনায় এবং ছাদে অবস্থান নিয়েছে বলে একজন কেয়ারটেকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "ম্যাডাম ঘুম থেকে উঠেছেন। তিনি তার কক্ষেই আছেন।" বাড়ি খালি করে দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের সময়সীমা পার হওয়ার পরদিন সকালেই এ পদক্ষেপ নেওয়া হলো। ওদিকে এ পরিস্থিতিতে দুপুর ১২টায় বিএনপির জরুরি যৌথ সভা আহবান করা হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। তিনি আরো জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েল সামনে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে বাড়ির প্রধান ফটকের সামনে র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয় বলে জানান একজন কেয়ারটেকার। সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকাল ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনই শুনলাম ম্যাডামের বাসার সমানে পুলিশ ও র‌্যাবের সদস্যরা সমবেত হয়েছে। ম্যাডাম ঘুম থেকে উঠে নামাজ পড়েছেন। তার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি।" তিনি সকাল সাড়ে ৭টায় বলেন, "শুনেছি পুলিশ ও র‌্যাব বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে। কেয়ারটেকাররা বাসার ভেতরেই আছে। তাদের কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে।" বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের এই বাড়ি ছেড়ে দিচ্ছেন বলে শুক্রবার রাতে গুজব ছড়ালেও সে খবর নাকচ করে দেন মারুফ কামাল খান। তিনি জানান, শুক্রবার বিকাল থেকেই বাড়ি থেকে উচ্ছেদের গুজব রটানো হয়। ওই গুজবের পর রাতেই ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সমাবেত হন বিএনপির নেতাকর্মীরা। রাত ৩টা পর্যন্ত অবস্থান করার পর তারা ফিরে যান। এরপর সকালেও সেখানে গেছেন বিএনপি নেতারা। আছেন সাংবাদিকরাও। তবে তাদের কাউকে সেনানিবাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীর গেইটের সামনে সকালে বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ মহিলা সাংসদ ও কর্মীরা অবস্থান নেন। জাহাঙ্গীর গেইট দিয়ে বিএনপি নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে হয়রানি ও হেনস্তা করা অবৈধ ও অগণতান্ত্রিক। আদালতে এ নিয়ে শুনানি চলছে, এরপর সরকার তা তোয়াক্কা না করে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে।" সকাল সোয়া ৮টার দিকে মওদুদ আহমদ বলেন, "সর্বোচ্চ আদালতে এই স্পর্শকাতর মামলার বিষয়টি নিয়ে যখন শুনানির কার্যক্রম চলছে ঠিক সে সময়ে সরকারের এ ধরনের পদক্ষেপ সর্বোচ্চ আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। "আমার রাজনৈতিক জীবনে এই ধরনের নজিরবিহনী পরিস্থিতির মুখোমুখি হয়নি।" সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। এর পরপরই বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বাসভবনের দিকে রওনা করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ। ২০০৯ সালে ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বরাদ্ধ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে ইজারার শর্ত ভঙ্গ ও ইজারা দেওয়ার বৈধতা নেই- অভিযোগ তুলে তা বাতিলের কথা বলা হয়। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬নং বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। মন্ত্রিসভার বৈঠকে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/০৯২৪ ঘ.