২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 03:37 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। বাড়ি খালি করে দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের সময়সীমা পার হওয়ার পরদিন সকালেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ির প্রধান ফটকের সামনে শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে তারা অবস্থান নেয় বলে জানিয়েছেন একজন কেয়ারটেকার। সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকাল ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনই শুনলাম ম্যাডামের বাসার সমানে পুলিশ ও র‌্যাবের সদস্যরা সমবেত হয়েছে। ম্যাডাম ঘুম থেকে উঠে নামাজ পড়েছেন। তার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি।" তিনি সকাল সাড়ে ৭টায় বলেন, "শুনেছি পুলিশ ও র‌্যাব বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে। কেয়ারটেকাররা বাসার ভেতরেই আছে। তাদের কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে।" বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের এই বাড়ি ছেড়ে দিচ্ছেন বলে শুক্রবার রাতে গুজব ছড়ালেও সে খবর নাকচ করে দেন মারুফ কামাল খান। ওই গুজবের পর রাতেই ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সমাবেত হন বিএনপির নেতাকর্মীরা। রাত ৩টা পর্যন্ত অবস্থান করার পর তারা ফিরে যান। এরপর সকালেও সেখানে গেছেন বিএনপি নেতারা। আছেন সাংবাদিকরাও। তবে তাদের কাউকে সেনানিবাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীর গেইটের সামনে এখন বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ মহিলা সাংসদ ও কর্মীরা আছেন। ওদিকে এ পরিস্থিতিতে দুপুর ১২টায় বিএনপির জরুরি যৌথ সভা আহবান করা হয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। জাহাঙ্গীর গেইট দিয়ে বিএনপি নেতাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে হয়রানি ও হেনস্তা করা অবৈধ ও অগণতান্ত্রিক। আদালতে এ নিয়ে শুনানি চলছে, এরপর সরকার তা তোয়াক্কা না করে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/০৮৪৫ ঘ.