২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে লালমনিরহাটে হরতাল আহ্বান

ছাত্রদল নেতা মেহেদি হাসান পরশ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার লালমনিরহাট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

লালমনিরহাট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল নেতা মেহেদি হাসান পরশ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার লালমনিরহাট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সকালেই একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরশের ক্ষতবিক্ষত লাশ। বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর লালমনিরহাট সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে।" গত ২৮ অক্টোবর মোগলহাট ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিককে সন্ত্রাসীরা হত্যা করে। তার মৃত্যুর ১৪ দিনের ব্যবধানে খুন হলেন বিরোধী দলের আরেক নেতা পরশ। লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র পরশের বাড়ি সদর উপজেলার সাপতানা বাজার এলাকায়। সকাল ১০টার দিকে পুটিমারি দোলা বিলের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। তার বাম চোখ তুলে নেওয়া হয় এবং তার মাথা ও থুতনিতে আঘাতের চিহ্ন ছিলো। পরশের ভাই মোফাখখারুল ইসলাম মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনৈতিক বিরোধের কারণে আমার ভাইকে হত্যা করা হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এজে/১৯৩৩ ঘ.