২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে রাজপথেই মোকাবেলা: হানিফ

ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথেই বিএনপির আন্দোলন মোকাবেলা করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

গাজীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথেই বিএনপির আন্দোলন মোকাবেলা করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, "খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষায় এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি আজ আন্দোলনের কথা বলছে। বিএনপির এই আন্দোলন রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ।" প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬০তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর শহরের মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগ আযোজিত এক জনসভায় হানিফ এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো হাওয়া ভবনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে দেশে ও যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। এই দুর্নীতির মামলা থেকে খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষায় বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, চারদলীয় জোট সরকার দেশকে কারাগারে পরিণত করেছিলো। বিগত জোট আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে জেলে রেখে নির্যাতন করা হয়েছিলো বলে তিনি দাবি করে। হানিফ বলেন, "আমরা তখন হারিয়েছি জনপ্রিয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার ও অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়াকে।" পৌর আওয়ামী লীগ সভাপতি ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আব্দুল হাদী শামীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.