২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব কার্যালয়ে কাজ হয়নি, ভাংচুরের ঘটনায় মামলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে সরকার সমর্থকদের হামলা-ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

গোপালগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে সরকার সমর্থকদের হামলা-ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে করা মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নয় নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। রোববার উপজেলার যুব উন্নয়ন দপ্তরে গিয়ে বিভিন্ন কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ সময় দেখা যায়নি। যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ বলেন, কার্যালয় ভাংচুর ও তছনছ হওয়ায় রোববার কাজ করা যায়নি। সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে। দ্বিতীয় দিনেও প্রশিক্ষণ শুরু না হওয়ায় বিক্ষব্ধ কয়েকশ' প্রশিক্ষণার্থী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। হামলা-ভাংচুরের জন্য দায়ীদের বিচার দাবি করেছে তারা। ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণে লোক নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকালে যুব উন্নয়ন কার্যালয়ে হামলা ও ভাংচুরসহ কর্মকর্তাকে মারধর করে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তারা যুব উন্নয়ন কার্যালয়ের আসবাবপত্র, জানালা, দরজা ভাংচুরসহ কাগজপত্র তছনছ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওইদিন ন্যাশনাল সার্ভিসের আওতায় কর্মসংস্থান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিলো। গত ১৯ জুলাই গোপালগঞ্জে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি পরিবারে একজন করে চাকরি দেওয়ার প্রকল্প ন্যাশনাল সার্ভিস কুড়িগ্রাম ও বরগুনায়ও বাস্তবায়নাধীন। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর হাবিব সাংবাদিকদের জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ বাদি মামলাটি (নম্বর-৬) করেছেন। এতে আসামি করা হয়েছে- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সরাফত হোসেন ওরফে লাভলু মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুজ্জামান, কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছাত্রলীগ নেতা তুহিন মৃধা, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল খন্দকার, আওয়ামী লীগ কর্মী মতিউর রহমান রনি, মনির, ডাবলু মৃধা ও মহব্বত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনসুর জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। আসামিদের গ্রেপ্তারে শনিবার রাত থেকেই অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। রোববার সকাল ১১ টার দিকে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। কাশিয়ানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কাশিয়ানী উপজেলা সৈনিক লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটো, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিল্টন মিয়া, কাশিয়ানী এম এ খালেক কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) জসিম উদ্দিন জনি, রাজু মৃধা, দিদার মুন্সী, কাজী আজিজুর রহমান, ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থী মো. হায়দার আলী মোল্লা, জেসমিন, শান্তা প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা হামালাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের দ্বিতীয় দফার প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দাবি জানান। প্রশিক্ষণার্থী নিলুফা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ন্যাশনাল সার্ভিসের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু যুব উন্নয়ন কার্যালয়ে হামলার কারণে শুরু হতে পারেনি। রোবরাব সকালে নির্বাচিত কয়েকশ' তরুণ-তরুণী প্রশিক্ষণের জন্য কাশিয়ানী এসে যুব উন্নয় কার্যালয় বন্ধ পায়। তারা হামলা ও ভাংচুরের খবর শুনে বিক্ষোভে ফেটে পড়ে। নিলুফা বলেন, "এই ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আমরা মিছিল ও সমাবেশ করেছি। এই কার্যক্রম বন্ধ হলে আমাদের পথে বসতে হবে। হাজারো বেকারের স্বপ্ন চুরমার হয়ে যাবে।" নাম প্রকাশ্যে অনিচ্ছুক কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ এ ধরনের হামলা করতে সাহস না দেখায় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.