২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা আবুল বাশার মারা গেছেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শ্রমিক নেতা আবুল বাশার মারা গেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শ্রমিক নেতা আবুল বাশার মারা গেছেন। মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টায় বাশারের মৃত্যু হয় বলে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তাকে গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বাশারের বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাশার ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানের সময় শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া স্বাধীনতা পরবর্তী বিভিন্ন গণআন্দোলন ও শ্রমিক আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। লক্ষ্মীপুর জেলার রায়পুরে জন্ম নেওয়া বাশার ১৯৫০ সালে চট্টগ্রামের কালুরঘাট জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এর মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনে হাতেখড়ি হয় তার। পরে তিনি ওয়াপদা শ্রমিক কর্মচারীদের ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো আবুল বাশারের। পাট ও পাটশিল্প রক্ষায় ১৯৮৬ সালে গঠিত পাট-সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে '৯০ এর দশকের পর দেশে শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়ায় আদমজী পাটকল বন্ধের সময় বড় ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য আবুল বাশারের এক ধরনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে থাকেন অনেকেই। শ্রমিক নেতা বাশারের মরদেহ সকালে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। লাল পতাকায় আচ্ছাদিত কমিউনিস্ট নেতার কফিন এরপর নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে প্রয়াত নেতাকে রাষ্ট্রীয় সম্মানও জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে কমিউনিস্ট নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান গণফোরাম প্রধান ড. কামাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। এছাড়া বিভিন্ন দল এবং শ্রমিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সেখানেই তার একটি জানাজা হয়। জহিরুল হক জানিয়েছেন, চট্টগ্রামে শ্রমিক আন্দোলন সংগঠনে ভূমিকা রেখেছিলেন আবুল বাশার। তাই তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রাম লালদীঘি ময়দানে জানাজার পর সোমবার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরুয়া গ্রামে বাশারকে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১৭০০ ঘ.