ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যামামলার পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে আবেদনের ইঙ্গিত দিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
তিনি বলেছেন, "প্রয়োজনে মামলাটির পুনর্বিচারের জন্য আপিল বিভাগের কাছে অনুমতি চাইতে পারি।"
"আপিল বিভাগ চাইলে পুনর্বিচারের সিদ্ধান্ত নিতে পারে", বলেছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
জাতীয় চার নেতা হত্যামামলার অধিকাংশ আসামি আদালতের রায়ে খালাস পাওয়ায় এর পুনর্বিচারের বিষয়টি উঠে এসেছে। চার নেতার সন্তান আওয়ামী লীগ নেতারা সে দাবি করে আসছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
এ মামলার আপিল আবেদনের শুনানির উদ্যোগ নেওয়ার বিষয়ে আনিসুল হক ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছেন। আগামী মাসে আপিল শুনানির জন্য আপিল বিভাগে আবেদন হতে পারে।
তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা জানান, তবে ডিসেম্বরে মাত্র ১১ কার্যদিবস আদালত খোলা থাকবে। এ মামলার আপিল শুনানির জন্য বেশ কিছুদিন সময়ের প্রয়োজন হবে। ডিসেম্বরের আপিলটির ওপর শুনানি শুরু হলেও ওই মাসে শুনানি শেষ হবে না। এ কারণে আগামী বছরের শুরুতেই জানুয়ারিতেও আপিলটির শুনানির জন্য আবেদন জানানো হতে পারে।
আনিসুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরে সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটির আগে ১৫ দিন আদালত খোলা থাকবে। ওই সময়ে অথবা জানুয়ারিতে জেল হত্যা মামলার আপিলের শুনানির উদ্যোগ নেওয়া হবে।"
তিনিও বলেন, ডিসেম্বরে শুনানি শুরু হলেও ওই মাসে তা শেষ হবে না।
পুনর্বিচারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় পর্যালোচনা করে আপিল বিভাগ যদি মনে করে বিচারের সময় কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্য নেওয়া হয়নি, যার কারণে আসামিরা খালাস পেয়ে গেছে। এসব বিচার করে আপিল বিভাগ মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নিতে পারে।"
তিনি জানান, মামলার পুনর্বিচারের বিষয়ে আপিলের শুনানির সময় আপিল বিভাগে মৌখিক আবেদন জানালেই হয়।
এ মামলার আসামি পক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুনও বলেন, "পুনর্বিচার আদালতের ওপর নির্ভর করছে। এ বিষয়ে মৌখিক বা লিখিতভাবে আদালতে আবেদন করলে হয়।"
বিচারিক আদালতে এ বিচার নিয়ে আনিসুল বলেন, "নিু আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আসামিরা বিচার কাজ প্রভাবিত করেছে। বিচারিক আদালত থেকে আসামিদের খালাস দেওয়া হয়।"
বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হয়েছে, এমন কয়েকজন জেল হত্যামামলায়ও আসামি। তবে এ কারণে জেলহত্যা মামলার গুরুত্ব কোনো অংশে কমেনি বলে মনে করেন আনিসুল হক।
তিনি বলেন, "জেলহত্যা মামলার আদর্শ ও গুরুত্ব ভিন্ন। কারণ রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এজন্য এ মামলার গুরুত্ব রয়েছে।"
তবে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, তাদের বিষয়ে আর কিছু করণীয় নেই বলে আনিসুল হক ও মাহবুবে আলম উভয়ই বলেন।
জেল হত্যাকাণ্ডের পর মামলা দায়েরের ২৩ বছর পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন।
রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বঙ্গবন্ধু হত্যামামলার ফাঁসির আসামি সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদাসহ ১৫ জনকে। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর।
এ রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। মোসলেমকে মৃত্যুদণ্ডের বদলে দেওয়া হয় আট বছর সাজা।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাইকোর্ট।
হাইকোর্ট বহাল রাখে আট সেনা কমকর্তার সাজা। তারা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিলের আবেদন (লিভ টু আপিল) করে সরকার। মামলার দায় থেকে দফাদার মারফত আলী, দফাদার আবুল হাশেম মৃধা, ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকে খালাস দেওয়ার বিরুদ্ধে সরকার এ আপিলের আবেদন করে।
তবে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮০০ ঘ.
bdnews24