ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশান কার্যালয়ে র্যাব-পুলিশের অবস্থানের পর বিএনপির প্রতিক্রিয়াকে সাজানো বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বুধবার সাংবাদিকদের বলেছেন, "সরকারকে নাজেহাল করতে তারা (বিএনপি) বিভিন্ন নাটক করছে।"
মন্ত্রী সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতির স্মরণে নির্মিত 'মৃত্যুঞ্জয়ী শহীদ স্মৃতি কারাকক্ষ' পরিদর্শন করেন। সেখানে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে মঙ্গলবার রাতে র্যাব-পুলিশের তিনটি গাড়ি অবস্থান নেয়। পরে রাত পৌনে ১টার দিকে গাড়িগুলো চলে যায়। বিএনপি তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে মিছিলও করে।
এ ঘটনা অস্বাভাবিক ও অগণতান্ত্রিক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেছেন।
কয়েকদিন আগে চট্টগ্রামে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির কাছে পুলিশ যাওয়ার খবরে তাকে গ্রেপ্তারের গুজবেও বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানায়। তবে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারে কোনো পুলিশ যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24