২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভয়ভীতি' দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না: খালেদা

'ভয়ভীতি' দেখিয়ে বিএনপিকে আন্দোলনের পথ থেকে সরানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভয়ভীতি' দেখিয়ে বিএনপিকে আন্দোলনের পথ থেকে সরানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সেইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতেও বলেছেন তিনি। মঙ্গলবার রাতে এক মতবিনিময় অনুষ্ঠানে খালেদা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খালেদা বলেন, "মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না। এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে রাজপথেই আন্দোলন হবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা আন্দোলনে যাব।'' গুলশানের তার কার্যালয়ে রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির নেতারা খালেদার সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি চেয়ারপারসন সরকারের কথিত দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে আইনজীবীদের প্রতি আহবান জানান। তিনি বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের 'মিথ্যা মামলায়' আইনি সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "বিএনপির সভা-সমাবেশ বানচাল করতে সরকার ১৪৪ ধারা জারি করছে। তা আগামীতে আমাদের ভাঙতে হবে।'' মধ্যবর্তী নির্বাচন সর্ম্পকে গণমাধ্যমে প্রকাশিত জনমত জরিপের ফলাফল উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। গণমাধ্যমের জরিপে শতকরা ৯৮ ভাগ মানুষ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। তাদের অবস্থা যে নাজুক এ থেকেই বুঝা যায়। তাদের উচিত জনমত যাচাই করা। বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে খালেদা অভিযোগ করেন, এ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা পুরোপুরি সরকারের পকেটে চলে গেছে। সরকারের কথা মতো চলে। এ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পর এখন ঢাকা সিটি নির্বাচন নিয়ে কমিশন টানবাহনা শুরু করেছে। এই নির্বাচনে ভরাডুবি হবে ভেবে তা থেকে সরকার এখন সরে গেছে। মতবিনিময় অনুষ্ঠানে আইনজীবী ফোরামের নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সস্পাদক বদরুদ্দোজা বাদল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪৩ ঘ.