ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচন চাইলে বিএনপিকে সংসদে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি'র নীতিনির্ধারকদের উদ্দেশে মঙ্গলবার বলেন, "সংসদে আসুন। অনাস্থা প্রস্তাব তুলে ধরুন। সংসদ অনাস্থা প্রস্তাব গ্রহণ করলে আমরা আর একদিনও ক্ষমতায় থাকবো না।"
অন্য কোনো পথ গ্রহণ করলে তা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও অবৈধ হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, "আশাকরি, বিরোধীদল সে পথ গ্রহণ করবে না।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে আশরাফ আরো বলেন, "যে বিশ্বে ওনার স্বামী ক্যু করে ক্ষমতায় এসেছিলো, সে বিশ্ব এখন আর নেই।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আশরাফ।
'বাড়ির মামলায় আপিলের রায় মানবে সরকার'
ঢাকা সেনানিবাসে খালেদা জিয়া যে বাড়িটিতে এখন রয়েছেন, সে প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "১৬৫ কাঠা জমির ওপর উপ-সেনাপ্রধানের বাড়িটি খালেদা জিয়ার অনুকূলে লিজ দলিলের ভিত্তিতে দেওয়াকে উচ্চতর আদালত অবৈধ ঘোষণা করেছে।"
তিনি বলেন, "এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে রাষ্ট্রপতি হলেই জনগণের সম্পত্তি, সেনাবাহিনীর সম্পত্তি নামমাত্র মূল্যে নেওয়া যায় না। এতদিনে প্রমাণিত হয়েছে খালেদা জিয়াকে এই বাড়িটি অবৈধভাবে দেওয়া হয়েছিলো যা আইন ও সংবিধানসম্মত নয়।"
"বাড়ির মামলা আইনের বিষয়," মন্তব্য করে আশরাফ বলেন, "আপিল না করলে রায় বাস্তবায়ন করা হবে। আপিল করলে যে রায় হবে, সরকার তা মেনে নেবে।"
খালেদা জিয়ার বাড়ির বিষয়ে বিএনপি'র আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "বিএনপি'র সৎ রাজনৈতিক নেতা-কর্মীদেরও আজ ভাবতে হবে তারা খালেদা জিয়ার পারিবারিক সম্পত্তি রক্ষার কাজে ব্যবহৃত হবেন কি না?"
'প্রভুত্বের অস্তিত্ব আওয়ামী লীগ বিশ্বাস করে না'
'যত বড় প্রভুই থাকুক, কেউই আপনাদের রক্ষা করতে পারবে না'
bdnews24