ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার যুদ্ধে সারা দেশের মানুষের ত্যাগের কথা আবারো স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ এক কলামে তিনি লিখেছেন, "আজ যে স্বাধীনতা সকলে ভোগ করছে, কিন্তু এর পিছনে কত মানুষের কত ত্যাগ, কত কষ্ট, কত সাধনা তা কি কেউ মনে রাখে?"
গত ৮ মে ঢাকার কেন্দ্রীয় কারাগারে 'বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর' ও 'জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর' উদ্বোধন করতে যাওয়ার সময়কার স্মৃতিচারণ নিয়ে ২ নভেম্বর একটি কলামে লিখেছেন তিনি।
প্রধানমন্ত্রী লিখেছেন, "ঢাকা কেন্দ্রীয় কারাগারের যাবার পথে দেখলাম, রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। ১৯৭০ সালের নির্বাচনে এই এলাকায় ঘরে ঘরে গিয়েছি। ১৯৫৪ সাল থেকে আমরা তখন ঢাকায় বসবাস শুরু করি তখন থেকেই এই রাস্তায় যাতায়াত আমাদের জন্য এক রকম নিয়মিত ছিলই বলা যায়।"
বাবা শেখ মুজিবুর রহমানের কারাগারের স্মৃতির কথা স্মরণ করে হাসিনা বলেন, "একটা দেশের মানুষের জন্য একজন মানুষ কতখানি কষ্ট করতে পারে, কীভাবে জীবন বিপন্ন করতে পারে, দিনের পর দিন যাতনা ভোগ করেও মানসিক শক্তি সবল রেখে সংগ্রাম চালিয়ে যেতে পারে- তা এখানে এলেই বোঝা যায়।"
তিনি লিখেছেন, "জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে আসতাম আমি, কামাল ও ছোট্ট জামাল। আমরা মায়ের হাত ধরে আব্বার সাথে দেখা করতে আসতাম। মাসে দু'বার দেখা করার সুযোগ পেতাম।"
৮ মে জেলগেটে ঢোকার সময়ের কথা স্মরণ করে হাসিনা বলেন, "আমার বার বার রেহানার কথা মনে পড়ছিল। ওকে সাথে নিয়েই আমার আসার কথা। জেলখানায় দুই বোন এক সাথে আসব এটাই ছিল আমার চিন্তা। কিন্তু আজ রেহানাকে ছেড়ে এসে ভীষণ মন খারাপ লাগছে।"
প্রধানমন্ত্রী তার দাদা-দাদির কথা স্মরণ করে আরো বলেন, "আমার দাদা-দাদি আব্বার কাজে বাধা দেন নাই, বরং উৎসাহ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। এমন বাবা-মা না হলে, তাদের দোয়া না থাকলে, মানুষ কি এত ত্যাগ স্বীকার করতে পারে? পারে না।"
"এই দেশের স্বাধীনতার জন্য মানুষের কল্যাণের জন্য গোটা পরিবারকেই আত্মত্যাগ করতে হয়েছে। তবেই না আমরা এই স্বাধীনতা পেয়েছি", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৭২০ ঘ.
bdnews24