নোয়াখালী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ মোবাইল ফোন ও অনলাইনে ছাড়ানোর ঘটনা নিয়ে সোমবার ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
ক্যাম্পাস থেকে পুলিশ জাবেদ ও তারিন নামের দুই ছাত্রলীগকর্মীকে আটক করেছে। একজনকে তার অভিভাবক এসে নিয়ে গেলেও আরেকজন থানায় আছে।
রাতে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক সভায় সংগঠনটির পাঁচ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে কলেজ কর্তপক্ষের তদন্ত কমিটি ছয়জনকে বহিষ্কারের সুপারিশ করেছে।
ছাত্রদের বরাত দিয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুরুল আকন্দ বলেন, মুজিব কলেজ ছাত্রলীগকর্মী রকি, সজল, রাকিব, ফয়সালসহ আরও কয়েকজন ছাত্র দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ৫২ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ফুটেজ গত ২৬ অক্টোবর বিভিন্ন মোবাইল ফোন ও অনলাইনে ছড়িয়ে দেয়।
এজন্য কলেজে ছাত্রলীগের একটি গ্রুপ সজল নামের একজনকে মারধর করে। পরে সজল তার গ্রুপের কর্মীদের নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে সজল, জাবেদ, নোমান, তারিন ও আবদুল্লাহ আহত হয়।
পরে কলেজ কর্তৃপক্ষের খবর পেয়ে আওয়ামী লীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা পুলিশ নিয়ে ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আবদুল কাদের মির্জা নিজে ছাত্রলীগকর্মী জাবেদ ও তারিনকে ধরে পুলিশে দেন।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান তারিনের অভিভাবকসহ থানা থেকে তাকে ছাড়িয়ে নেন। জাবেদ থানায় আটক আছে।
আবদুল কাদের মির্জা সাংবাদিকদের বলেন, মুজিব কলেজে ছাত্রী উত্ত্যক্তের ঘটনা নিয়ে ছাত্রদের দু'গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য তিনি দু'জনকে আটক করে পুলিশে দেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু বলেন, ছাত্রদল ও শিবিরের কর্মীরা ছাত্রলীগের সঙ্গে থেকে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি আমরা বিএনপি ও জামায়াতের নেতাদের জানাব।
এদিকে রাতে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক সভায় সংগঠনের কর্মী সজল, জাবেদ, রকিম, তারিন ও আবদুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় ছাত্রলীগের কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট সরকারি কলেজ ও বসুরহাট পৌর শাখার নেতারা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, এ ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ ইংরেজির প্রভাষক আল বেরুণী, রসায়নের প্রভাষক আবদুল কাদের ও বাংলার প্রভাষক অশ্র"মনি সাহাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটি ছয় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। তাৎক্ষণিকভাবে তাদেও নাম জানা যায়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন ভূঞার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে তার সাড়া পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৪ ঘ.
bdnews24