চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে মন্তব্য করে আগামী ২৬ মার্চের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠনের দাবি করেছেন অলি আহমদ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাংসদ অলি মনে করেন, আইন-শৃঙ্খলার চরম অবনতি, মুদ্রাস্ফীতি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটের কারণে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা কমেছে। এখন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করলে পরিণতি ভালো হবে না।
সোমবার বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউটে এক সমাবেশে অলি বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে বিএনপির কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "অযোগ্য ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা না করে আগামী ২৬ মার্চের মধ্যে নতুন করে মন্ত্রিসভা পুনর্গঠন করুন। নইলে এর পরিণতি ভাল হবে না।"
দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলডিপির কর্মীদের নিয়ে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারও সমালোচনা করেন সাবেক বিএনপি নেতা অলি আহমদ।
তিনি বলেন, "আমাকে শত্র" ভেবে চাটুকারদের নিজের বিশ্বস্ত অনুসারী করায় আজ বিএনপির এই পরিণতি হয়েছে।"
বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম বন্দর বন্ধ থাকায় দেশের প্রায় দুহাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সমাবেশে দাবি করেন অলি।
এলডিপির মহানগর সভাপতি ওয়াহেদ আজগর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির কেন্দ্রীয় সহ-সভাপতি এম খলিলুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, দক্ষিণ জেলা সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, উত্তর জেলা এলডিপির সভাপতি নূরুল আজম খান তালুকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২০২৪ ঘ.
bdnews24