২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের রিমান্ড স্থগিতে আবেদন

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিমান্ড স্থগিতের আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার এর শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের রিমান্ড স্থগিতের আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার এর শুনানি হবে। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে বাবরের আইনজীবীরা বাবরের রিমান্ড ১৫ দিন স্থগিতে এ আবেদন জানান। এর আগে একই আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক আবেদনে বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন সময় দেয়। বাবরের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "সাবেক প্রতিমন্ত্রী বাবর শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ স্থগিতের আবেদন করেছি। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামে আনার আগে থেকেই তিনি অসুস্থ আছেন। সে কারণেই আমরা রিমান্ড স্থগিতের আবেদন করি।" কিন্তু আদালত অনুমোদন না দিয়ে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এর উপস্থিতিতে এ সম্পর্কিত শুনানির দিন নির্ধারণ করে বলে তিনি জানান। রিমান্ড স্থগিতের আবেদনে সানাউল্লাহ মিয়া বলেন, "তাকে (বাবর) অসুস্থ অবস্থায় আজ (সোমবার) আদালতে হাজির করা হয়েছে। এজলাসেও তার নাক থেকে রক্ত ঝরছিলো, এটা সবাই দেখেছে।" চিকিৎসার জন্য বাবরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর আবেদনও জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৮৪৬ ঘ.