২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ আহ্বান

সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বুধবার অর্ধদিবস সড়ক অবরোধ ডেকেছে বিএনপি। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

খাগড়াছড়ি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি যাওয়ার পথে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা হয়েছে। হামলার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেছেন ফারুক। তবে আওয়ামী লীগ বলছে, এটা বিএনপির দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ। এই ঘটনায় বুধবার খাগড়াছড়িতে সকাল ৮টা থেকে দুপুর ২টা সড়ক অবরোধ ডেকেছে স্থানীয় বিএনপি। ফারুক অভিযোগ করেছেন, সোমবার খাগড়াছড়ির আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তার গাড়ি বহরে কয়েক দফা হামলা হয়। এতে বিএনপির ৩০ জন নেতা-কর্মী আহত হন। হামলায় তার গাড়ির কাঁচসহ পাঁচটি গাড়ি ভাংচুর হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির প্রচার সম্পাদক ফারুকের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে ফারুক বলেন, খাগড়াছড়ি শহরে ঢোকার সময় জিরো মাইল এলাকায় ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলা হয়। "হামলায় দলের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় আমার গাড়ির কাঁচ ও গাড়ি বহরের মটর সাইকেল ও মাইক্রোবাসসহ পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়।" তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে আসার পথে আওয়ামী লীগকর্মীরা মানিকছড়ি, গুইমারা থানা এলাকা ও মাটিরাঙা উপজেলায়ও তার গাড়ি বহরে হামলা চালায়। এমনকি আদালত থেকে সার্কিট হাউসে আসার পথেও হামলা হয়। ফারুক বলেন, "আওয়ামী লীগ নেতা-কর্মীরা আদালত এলাকায় আমাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এসময় আমরা খাগড়াছড়ি আইনজীবী সমিতির কার্যালয়ে অবস্থান করি।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খাগড়াছড়িতে দায়ের করা মানহানির মামলায় মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ। তিনিসহ এই মামলার অপর দুই আসামি বিএনপির সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও আশরাফউদ্দিন নিজান আদালতে জামিন আবেদন করেন। বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক শুনানি শেষে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত তাদের জামিন দেন। সজীব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত বলে বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে গত ২৫ মার্চ একই আদালতে মামলাটি করেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংশপ্র" চৌধুরী অপু। ফারুকের অভিযোগের জবাবে স্থানীয় আওয়ামী লীগ জেলা শহরের নারিকেল বাগানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেছে, দলীয় কোন্দলের কারণেই ফারুকের গাড়িবহরে হামলা হয়েছে। আওয়ামী লীগ নেতারা পাল্টা অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের কর্মীদের হামলায় তাদের পাঁচ কর্মী আহত হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলো এ মামলায় সুষ্ঠু বিচার দাবি করে শহরে মানববন্ধন করেছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আবু ইউসুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আল আসাদ মো. মাহাফুজুল ইসলাম সাংবাদিকদের জানান, বিারোধীদলীয় চিফ হুইপের আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছিলো। ফিরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পুলিশ হুইপকে নিরাপত্তা দিয়েছে বলে এএসপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/এমএসবি/১৯০৪ ঘ.