২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর আদালতে

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে। এদিকে বাবরের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মিছিল করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে। এদিকে বাবরের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে মিছিল করেছে বিএনপি। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বাবরকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আনা হয়। ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের হেফাজতে চেয়েছে। তাদের আবেদনের শুনানি হবে হাকিম মহাবুবুর রহমানের আদালতে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় বাবরকে নতুন আদালত ভবনে আনা হয়। এর আগে দেড়টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আদালত প্রাঙ্গণে মিছিল করেন। ওই মিছিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও ছিলেন। গত ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারী ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। কারাবন্দি বাবরকে ২৯ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর আগে ২১ অগাস্ট গ্রেনেড হামলা তদন্তেও সিআইডি বাবরকে জিজ্ঞাসাবাদ করে। সিআইডি ওই মামলাও তদন্ত করছে। ২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র গোলাবারুদ আটক করে পুলিশ। ওইসময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানিতে তদন্ত অন্য খাতে প্রবাহিত করায় বাররের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২৫ ঘ.