২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগের হামলায় সাংবাদিকসহ আহত অর্ধশত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় সাংবাদিক ও বিএনপি নেতা-কর্মীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ভোলা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় সাংবাদিক ও বিএনপি নেতা-কর্মীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। দুপুরে বিএনপির সভায় যোগ দিতে এলে নেতা-কর্মীদের ওপর এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনধি জানান, সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলাকায় লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। দুপুরে বিএনপির সভায় যোগ দিতে আসার পথে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। হামলা ও সংঘর্ষের ছবি তুলতে গেলে তারা এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, খবরপত্র প্রতিনিধি রকেটকে মারধর করে। এনটিভি ও খবরপত্র সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এক পর্যায়ে বিএনপি কর্মীরা রাস্তার ওপর সভা শুরু করে। উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র গোলামনবী আলমগীর, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম প্রমুখ। এলাকায় র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভোলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফারুকুর রহমান, আবু তাহের, হুমায়ুন কবির, আহাদ চৌধুরী তুহিন, মোকাম্মেল হক মিলন প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংসদ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ কর্মীদের হামলায় তিনি নিজে এবং বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হয়। দুপুরে বোরহানউদ্দিনের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি ও যুবলীগ একই স্থানে ও সময়ে সমাবেশ ডাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তেজনা কমলে তা প্রত্যাহার করে নেওয়া হবে।" বোরহানউদ্দিন থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি শোনার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। প্রথম আলোর জেলা প্রতিনিধি নিয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদরে বিএনপি কার্যালয়ের কাছে বেলা সাড়ে ১১টার দিকে যাই। তখন যুবলীগের কর্মীরা আমাদের ধাক্কা দিয়ে টানাহেঁচড়া করে ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে অবশ্য ক্যামেরা ফেরত দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৯ ঘ.