২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরীর পক্ষে-বিপক্ষে সভা

সংসদ সদস্য সারাহ বেগম কবরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তা নিয়ে দলীয় সভানেত্রীকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফতুল্লা থানা আওয়ামী লীগ। অন্যদিকে পাল্টা সভা ডেকে কবরী বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য সারাহ বেগম কবরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তা নিয়ে দলীয় সভানেত্রীকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফতুল্লা থানা আওয়ামী লীগ। অন্যদিকে পাল্টা সভা ডেকে কবরী বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা) আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য কবরীর সঙ্গে স্থানীয় কমিটির বিরোধের খবর কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে উঠে আসছে। শনিবার ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতা-কর্মীরা কবরীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং দলীয় নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ আনে। বিকালে শহরের ইসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা হয়। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিছির আলী, সাধারণ সম্পাদক রেহান শরীফ, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন, ফতুল্লা শ্রমিক লীগ আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদ পলাশ। শওকত আলী বলেন, সংসদ সদস্য কবরীর প্ররোচনায় তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। শ্রমিক লীগ নেতা পলাশ কবরীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের মদদ দেওয়ার অভিযোগ আনেন। একই অভিযোগ করেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আফাজ উদ্দিন। সভায় সিদ্ধান্ত হয়, কবরীর বিরুদ্ধে অভিযোগ সন্নিবেশিত করে তা সভানেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। থানা আওয়ামী লীগের এ সভা চলার সময়ই শহরের চাষাঢ়া জেলা পরিষদের ডাকবাংলোতে আলাদা সভা করেন কবরী। তবে ওই সভায় ওয়ার্ড কমিটির কয়েকজন নেতা ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতা ছিলেন না। কবরী তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৭ ঘ.