২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৪ ধারার কারণে দুই স্থানে বিএনপির সভা পণ্ড

একই স্থানে সরকার সমর্থকদের সভার কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ঝিনাইদহের শৈলকূপা এবং খুলনার কয়রায় বিএনপির সভা পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে সরকার সমর্থকদের সভার কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ঝিনাইদহের শৈলকূপা এবং খুলনার কয়রায় বিএনপির সভা পণ্ড হয়ে গেছে। শনিবার এ সভা দুটি হওয়ার কথা ছিলো। বিএনপির অভিযোগ, তাদের সভা পণ্ড করার উদ্দেশ্যেই ক্ষমতাসীন দল এক স্থানে একই সময়ে সভা আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকূপার ভাটৈ বাজারে বিএনপি ও যুবলীগ বিকাল ৩টায় সভা ডাকলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে। সকাল থেকেই বাজারে পুলিশ মোতায়েন থাকায় কোনো পক্ষই সভা করতে পারেনি। তবে দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের সভা বানচাল করতে সভা ডেকেছিলো। আর তাদের সঙ্গে আঁতাত করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমান বলেন, "সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশে ১৪৪ ধারা জারি করে বাধা সৃষ্টি করছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অগণতান্ত্রিক আচরণ করছে।" তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে শৈলকূপা থানা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা বলেন, "আমরাই আগে সভা ডেকেছিলাম। বিএনপি পরে সভা ডাকে।" "বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শৈলকূপায় মিটিং-মিছিল তো দূরের কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতেও থাকতে পারেনি", বলেন তিনি। খুলনা প্রতিনিধি জানান, এক স্থানে একই সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সুন্দরবন সংলগ্ন উপজেলা কয়রা উপজেলা সদর এবং আমাদী, বাগালী, মহারাজপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগ উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে সকাল ১০টায় সমাবেশ আহবান করে। একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে বিএনপি। কয়রা থানার ওসি মো. আলমগীর হোসেন জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন ইউনিয়নের সাতটি স্থান তারা সমাবেশ করতে চাইলেও পুলিশের বাধায় তা করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.