২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে: মোশাররফ

প্রতিহিংসার বশে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খোন্দরকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিহিংসার বশে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খোন্দরকার মোশাররফ হোসেন। শনিবার এক আলোচনা সভায় নাটোরে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাহউল্লাহ নূর বাবু, সিরাজগঞ্জে ট্রেনচাপায় মানুষ হত্যা, রূপগঞ্জে সেনাবাহিনীর ভূমি প্রকল্প নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ ইত্যাদি ঘটনার কথা তুলে ধরেন তিনি। এরপর তিনি বলেন, "হত্যাকারীদের না ধরে সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে। সিরাজগঞ্জের ট্রেনচাপায় নিহতদের বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।'' এ সময় নারীদের উত্ত্যক্ত করার প্রবণতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী বলেও অভিযোগ করেন খোন্দকার মোশাররফ। তিনি বলেন, "ইভটিজিং আওয়ামী লীগ সরকারের অবদান। আওয়ামী লীগ সরকারের আমলেই এ ধরণের ঘৃণ্য কর্মকাণ্ডের প্রবণতা দেখা দিয়েছে। "ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে অধ্যাপক মিজানুর রহমান ও চাপা রানী ভৌমিকসহ অনেককেই প্রাণ দিতে হয়েছে।" তিনি অভিযোগ করেন, ইভটিজিং প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার। জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নাগরিক ফোরামের উদ্যোগে 'প্রতিহিংসার রাজনীতি : সহিংস রাজপথ ও গণতন্ত্রের ভবিষ্যৎ' শীর্ষক এই গোলটেবিল আলোচনা হয়। দেশের পরিস্থিতিকে 'সংকটজনক' অভিহিত করে এ থেকে উত্তরণে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মোশাররফ। খালেদার জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া প্রসঙ্গে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, "বিএনপিকে নিশ্চিহ্ন করতে এই বাড়ি নিয়ে টানাটানি করছে সরকার। কারণ এই বাড়ির সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক ও জাতীয়তাবাদী শক্তি প্রতীক জিয়ার স্মৃতি জড়িত।" আইন-শৃঙ্খলার অবনতি ও দুর্নীতি বেড়েছে মন্তব্য করে এজন্য সরকারের কঠোর সমালোচনা করেন মোশাররফ। সংগঠনের সভাপতি আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান, কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক তাসনিম আলম, বিএনপি দলীয় মহিলা সাংসদ শাম্মী আখতার, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, নাগরিক ফোরামের সহসভাপতি জসিম উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৮ঘ.