২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ সম্পাদকের কুশপুতুল পোড়ালো চট্টগ্রাম উত্তর

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুশপুতুল পুড়িয়েছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুশপুতুল পুড়িয়েছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। দুপুর ১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে 'উত্তর জেলা ছাত্রলীগে'র ব্যানারে মানববন্ধন শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের কুশপুতুল পোড়ানো হয়। সোমবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়। এর পরদিন সংবাদ সম্মেলন করে নতুন কমিটি বাতিলের আবেদন জানান পদবঞ্চিত নেতারা। মানববন্ধনে অংশ নেওয়া বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন কমিটির সভাপতি মো. মহিউদ্দিন খোকন কখনো ছাত্রলীগের কোনো ইউনিট কমিটিতে যুক্ত ছিলেন না। এছাড়া তিনি বিবাহিত ও চাকরিজীবী।" মানববন্ধনে আগামী পাঁচদিনের মধ্যে কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়। মানবন্ধন শেষে একটি মিছিল নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনের তিনমাস পর সোমবার সন্ধ্য্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করে। ১০১ সদস্যের কমিটির বাকি সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জাননো হয়েছিলো। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক নেতারা নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য অভিন্নভাবে চারজনের নাম কেন্দ্রীয় নেতাদের দেন। ঘোষিত কমিটিতে ওই চারজনের মধ্যে শুধু আবু তৈয়বকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। মানববন্ধনে অন্যদের মধ্যে চট্টগ্রাম থেকে পাঠানো তালিকা থেকে বঞ্চিত অন্য তিন সদস্য সৈয়দ আবদুল জব্বার সোহেল, দেলোয়ার হোসেন মিন্টু ও বখতেয়ার সাইদ ইরান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৩১ঘ.