ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও দলীয়ভাবে প্রার্থী মনোনয়নের পক্ষে বললেন প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা এবং সরকারদলীয় দুজন সংসদ সদস্য।
শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, "স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা মানে জনপ্রতিনিধিদের জনসমর্থন থেকে বের করে অপরাজনীতি সৃষ্টির প্রয়াস। রাজনীতিবর্জিত নির্বাচনের ধারণা অবাস্তব।
"দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের মধ্যে একতা ও প্রাতিষ্ঠানিক রূপ সৃষ্টি হবে যা এলাকার উন্নয়নে যৌথ কৌশল হিসেবে কাজ করবে।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতো সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও ফজলে হোসেন বাদশাও মনে করেন স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে কেন্দ্র ও তৃণমূল প্রতিনিধির মধ্যে দ্বন্দ্ব থাকবে না।
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সরাসরি অংশ না নেওয়া যথার্থ নয় বলে মন্তব্য গত ১ অগাস্ট এক সেমিনারে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একই দিন নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, "দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। তবে এজন্য আইনে পারবর্তন আনতে হবে।"
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী বর্তমানে এ নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিতে পারে না। আইন অনুযায়ী প্রাথীর পক্ষে রাজনৈতিক দলের নেতারা প্রচারেও অংশ নিতে পারেন না। তবে মনোনয়ন না দিলেও প্রধান রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সমর্থন দিয়ে থাকে।
'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন, ২০১০' শিরোনামে শনিবারের সেমিনার আয়োজন করে গভর্নেন্স এডভোকেসি ফোরাম। এতে দিনবাপী ছয়টি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত বলে জানান আয়োজকরা।
'রাজনীতি বিবর্জিত নির্বাচনের ধারণা অবাস্তব'
বর্তমানে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক না হওয়ায় সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসেনর মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার অন্যতম কারণ। রাজনীতি বিবর্জিত স্থানীয় নির্বাচনের ধারণা অত্যন্ত অবাস্তব চিন্তা।"
কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ করাও অসম্ভব বলে উল্লেখ করেন মসিউর রহমান।
তিনি জানান, সাংসদরা দলীয় প্রার্থী। সিটি কর্পোরেশন, উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও একই এলাকা, একই প্রতিশ্র"তি দিয়ে এককভাবে নির্বাচন করছে। তাদের প্রতিযোগিতার ক্ষেত্র অভিন্ন হলেও কিছু করতে গেলে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান দরকার হয়। এক্ষেত্রে সাংসদরাই তাতে সহায়তা করেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, "গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করতে স্থানীয় সরকার শক্তিশালী করার কোনো বিকল্প নেই। দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হলে এলাকার উন্নয়ন আরো জোরদার হবে।"
"স্থানীয় নির্বাচনও দলীয়ভুক্ত হওয়া উচিত," মন্তব্য করে ফজলে হোসেন বাদশা বলেন, "সরকার পরিবর্তনের সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি বদলে যাবে
bdnews24