ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ছেড়ে দেওয়ায় দেশে সন্ত্রাস বেড়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
নাটোরে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার দাবিতে শনিবার ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভা বিএনপির সভাপতি বাবুকে গত ৮ অক্টোবর হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায়ই তিনি নিহত হন।
নাটোরের গামা হত্যাকারীদের ছেড়ে দেওয়ার প্রতি ইঙ্গিত করে দেলোয়ার বলেন, "হত্যাকারীদের ছেড়ে দিয়ে বীরোচিত সংবর্ধনা দেওয়া, তাদের বিচার না করার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে পুরস্কৃত করার কারণেই একের পর এক হত্যাকাণ্ড বাড়ছে।"
বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাইপো সাব্বির আহমেদ গামা হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কিছুদিন আগে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। বিএনপি শুরু থেকেই এর সমালোচনা করে আসছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। বাবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে তারা।
বাবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রধানমন্ত্রী হত্যাকারীদের রেহাই দিতে ওই হত্যা ঘটনাকে 'বিএনপির অভ্যন্তরীণ' কোন্দল বলে মন্তব্য করেছেন। এর ফলে বাবুর স্ত্রী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।"
সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চলছে অভিযোগ তুলে সরকারকে সতর্ক করে দেলোয়ার বলেন, "অনেক হয়েছে, এবার খ্যামা দিন। নইলে জনগণ আপনারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।"
খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিস দেওয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ উল্লেখ করে এর বিরুদ্ধে আন্দোলনের কথাও জানান বিএনপি মহাসচিব।
মানববন্ধন কর্মসূচিতে নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান পটল, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমআই/১৪১১ ঘ.
bdnews24