২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাদা পোশাকে সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে'

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে বিএনপি'র গণতদন্ত কমিশনে সাক্ষী দেওয়া ব্যক্তিদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন কমিশনের চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে বিএনপি'র গণতদন্ত কমিশনে সাক্ষী দেওয়া ব্যক্তিদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন কমিশনের চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, "আমরা শুনেছি সদর উপজেলার শিয়ালকোলে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ভয়ভীতি দেখাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।" সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহত এবং ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে বিরোধীদলী বিএনপির এই কমিশন গঠন করে। কমিশনের সদস্যরা শুক্রবার সিরাজগঞ্জ যান। সেখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিকালে সিরাজগঞ্জ আইনজীবি সমিতি ভবনের আব্দুল্লাহ্ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি'র হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের চেয়ারম্যান। বিকাল পৌনে ৪টায় আয়োজিত এই প্রেসবিফ্রিংয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহবুব বলেন, "ভয়ভীতি দেখালে আমরাও তাদের চিহ্নিত করে রাখবো। আগামী দিনে আমরাও তাদের দেখবো। যার পরিণতি হবে ভয়াবহ।" তিনি বলেন, "সরকারের একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এই ভয়াবহ ঘটনাকে দুর্ঘটনা বলেছে। আমি তাদের প্রশ্ন করি, দুর্ঘটনা এড়ানোর দায়িত্ব কার? "কাদের দায়িত্ব অবহেলার কারণে সেদিন ট্রেনে অগ্নিসংযোগ ও নিরীহ মানুষ হতাহতের শিকার হয়েছিলো? সরকার কি সেটা তদন্ত করেছে।" মাহবুব জানান, পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট, রেলবিভাগের পদস্থ কর্মকতা ও ট্রেনে দায়িত্বপালনরত স্টাফ ও জিআরপি থানা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবে কমিশন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তারা প্রতিবদেন দেবেন বলে তিনি জানান। কমিশন ঘটনাস্থলসহ সিরাজগঞ্জের চারটি স্থানে ১৬ জনের সাক্ষ্য নেয়। এর মধ্যে সদর উপজেলার শিয়ালকোলে সাক্ষ্য দেন পাঁচজন, কামারখন্দের ভদ্রঘাট বাজারে তিনজন, সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টিতে তিন নারীসহ ছয়জন এবং ঘটনাস্থলে দুজন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর কমিশনের সদস্যরা দুর্ঘটনাস্থল সয়দাবাদের মুলিবাড়ী রেলক্রসিং এলাকা এবং ট্রেনে অগ্নিসংযোগের স্থান পরিদর্শন করেন। এখানে তারা রেলক্রসিংয়ের গেটম্যান আব্দুস সালাম ও মুলিবাড়ী এলাকার ইলিয়াছের সাক্ষ্য নেন। সাক্ষ্য নেওয়ার সময় কমিশনের সদস্যদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতারাও ছিলেন। ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়েদাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় অন্তত সাতজন নিহত হয়। বিক্ষুব্ধরা পরে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। গত ১৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯ সদস্যের গণতদন্ত কমিশন গঠন করেন। নয় সদস্যের কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব সহিদ আলম (সদস্য সচিব), জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আকতার আলী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি ফাহিমা নাসরিন মুন্নি ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাসু। ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ট্রেনের ধাক্কার এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে অভিহিত কর হয়। তবে এতে বলা হয়, রেললাইনের পাশে সমাবেশ করে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সিরাজগঞ্জে পৌঁছার পর কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি তদন্ত একপেশে হয়েছে। নিরপেক্ষ তদন্তের জন্য বিরোধী দলীয় নেতা এই কমিশন গঠন করেছেন। "আমরা দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে, দল-মতের উর্ধ্বে থেকে এই কমিশন নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঠিক কারণ তুলে ধরবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.