ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্যসহ ১৯ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
বিস্ফোরক আইনে করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে (রিমান্ড) শুক্রবার ২০ জামায়াত নেতা-কর্মীকে আদালতে পাঠানো হয়। শুনানির পর সে আবেদন মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম রাশেদ কবীর।
তবে তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক আবু শাহেদ খান ১০ দিন পুলিশি হেফাজতের আবেদন করলেও তাকে তিন দিন সময় দিয়েছে আদালত। আর ২০ জনের মধ্যে রুবেল মৃধা নামে একজনকে পুলিশের হেফাজতে পাঠাননি হাকিম।
পুলিশ যাদের জিজ্ঞাসাবাদ করবে, তাদের মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান এবং খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমির শফিকুল আলম।
বৃহস্পতিবার মিরপুরের ১ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জামায়াতের ওই নেতা-কর্মীদের। তখন পুলিশ জানায়, সেখান থেকে ছয়টি বোমা, বোমা তৈরির বেশ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এরপর মিরপুর থানায় বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমআই/১৯৩০ ঘ.
bdnews24