ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে প্রধান বিরোধী দল বিএনপি গঠিত গণতদন্ত কমিশনের সদস্যরা সিরাজগঞ্জ পৌঁছেছেন।
কমিশনের সদস্যরা শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে সড়ক পথে সিরাজগঞ্জ রওনা হন।
কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ পৌঁছেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো ও সাক্ষীর জবানবন্দি নেবো।"
তিনি জানান, তদন্ত শেষে শুক্রবারই ঢাকায় ফিরবেন তারা।
খন্দকার মাহবুব বলেন, "সরকারি তদন্ত একপেশে হয়েছে। নিরপেক্ষ তদন্তের জন্য বিরোধী দলীয় নেতা এই কমিশন গঠন করেছেন। আমরা দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে, দল-মতের উর্ধ্বে থেকে এই কমিশন নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঠিক কারণ তুলে ধরবে।''
এর আগে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে গণতদন্ত কমিশনের সদস্যরা ঢাকা থেকে সড়ক পথে সিরাজগঞ্জ রওনা হয়।
গত ১৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯ সদস্যের গণতদন্ত কমিশন গঠন করেন।
১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়েদাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়। বিক্ষুব্ধরা পরে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ট্রেনের ধাক্কার এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে অভিহিত কর হয়। তবে এতে বলা হয়, রেললাইনের পাশে সমাবেশ করে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি।
৯ সদস্যের কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব সহিদ আলম (সদস্য সচিব), জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আকতার আলী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি ফাহিমা নাসরিন মুন্নি ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাসু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২১০ ঘ.
bdnews24