কিশোরগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় যুবদল ও স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি আহ্বান করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার লোহাজুরি এলাকার রসুলপুর দাখিল মাদ্রাসা ও আশপাশের এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই বিষয়টি জানিয়ে রাতেই মাইকিং করা হয়।
কটিয়াদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
কটিয়াদী থানা পুলিশ জানায়, যুবদল লোহাজুরী ইউনিয়ন কমিটি বিকালে রসুলপুর দাখিল মাদ্রাসা মাঠে সম্মেলন আহবান করে। পরে একই সময় একই স্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগ কর্মীসভা ডাকে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইউনিয়ন যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সম্মেলনের জন্য তারা প্রশাসনের অনুমতি নিয়েছেন। তাদের সম্মেলন বানচাল করতেই স্বেচ্ছাসেবক লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।
ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি মো. রুহুল আমিন বলেন, তারা আগে থেকেই ওই মাঠে কর্মী সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন। হঠাৎ করেই একই স্থানে যুবদল সম্মেলন ডাকায় তারা বিস্মিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24