২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য নির্ধারিত সরকারি বাড়িতে সংস্কার চলছে

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে তার জন্য নির্ধারিত মিন্টু রোডের সরকারি বাড়ির সংস্কার শুরু করেছে গণপূর্ত অধিপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে তার জন্য নির্ধারিত মিন্টু রোডের সরকারি বাড়ির সংস্কার শুরু করেছে গণপূর্ত অধিপ্তর। বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত ২৯ মিন্টু রোডের সরকারি বাড়িটির সংস্কার ১০/১২ দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। গত ১৩ অক্টোবর উচ্চ আদালত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়তে সামরিক ভূমি ও সেনানিবাস অধিপ্তরের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট খারিজ করে হাইকোর্ট। ওই রায়ে তাকে ৩০ দিনের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয়। বৃহস্পতিবার বিকালে সরেজমিন মিন্টু রোডের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটকে তালা লাগানো। বাইরে দাঁড়িয়ে ভেতরে শ্রমিকদের কাজ করার বিষয়টি বুঝতে পারা যায়। বাড়িতে সংস্কারের কাজ চলছে বলে জানান আশেপাশের কয়েকজন। এ বিষয়ে গণপূর্ত অভিদপ্তরের ঢাকা মহানগর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২২ অক্টোবর থেকে বাড়িটি সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী ১০/১২ দিনের মধ্যে তা শেষ হবে।" তবে এ সংস্কার 'নিয়মিত' উল্লেখ করে তিনি বলেন, "বিরোধী দলের নেতা বাড়িতে উঠছেন এমন কোনো খবর আমাদের জানা নেই। তার কার্যালয় থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।" বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা থাকার সময় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মিন্টু রোডের ওই বাড়িটি ব্যবহার করেন। একইভাবে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যবহার করেন খালেদা জিয়া। তবে ২০০১ সালে বিরোধী দলের নেতা হওয়ার পরও শেখ হাসিনা বাড়িটি ব্যবহার করেননি। ২০০৯ সালের ৮ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের ৬নং শহীদ মইনুল সড়কের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এরপর ২০ এপ্রিল তাকে বাড়িটি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর ওই বছরের ৭ ও ২৪ মে আরো দুই দফায় তাকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমকে/পিডি/১৯৩২ঘ.