ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হলে আন্দোলনের হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ''কোনো অজুহাতে অন্যের ঘাড়ে বন্দুক রেখে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে তা মেনে নেওয়া হবে না। অন্য ইসুর সঙ্গে এই ইস্যুতেও আন্দোলন হবে।''
বিরোধী দলের ওপর 'দমন-পীড়নের' পথ থেকে সরকারকে সরে আসারও আহবান জানান তিনি।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন মোড়ে আওয়ামী লীগের 'লগি-বৈঠার' আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনের চত্বরে মঞ্চ নির্মাণ করে বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
চারদলীয় জোট সরকার পাঁচ বছরের মেয়াদ শেষ করে ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়।
বিএনপির দাবি, ওই সংঘর্ষে চারদলীয় জোটের অন্তত ১৩ জন নেতা-কর্মী নিহত হয়।
মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে সমাবেশে যোগ দেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিদেশি বন্ধু রাষ্ট্রসহ কয়েকটি দেশের সঙ্গে আঁঁতাত করে ক্ষমতায় এসেছে। তাদেও ওই ষড়যন্ত্রের মধ্যে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টিও ছিলো।
এ প্রসঙ্গে তিনি বলেন, "সেনানিবাসের মইনুল সড়কের বাড়িটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এর সঙ্গে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সর্ম্পক রয়েছে। খালেদা জিয়া যদি বিএনপির নেত্রী না হয়ে কেবল জিয়ার বিধবা স্ত্রী হতেন, তাহলে ওই বাড়িতে প্রধানমন্ত্রী হাত দিতেন না। রাজনৈতিকভাবে বিএনপি ও খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতেই তিনি (শেখ হাসিনা) এই ষড়যন্ত্রে নেমেছেন।''
২০০৬ সালের ২৮ অক্টোবরের ওই ঘটনাকে পরিকল্পিত 'হত্যাযজ্ঞ' অভিহিত করে দেলোয়ার বলেন, নীল-নকশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে এটি ছিলো আওয়ামী লীগের প্রথম পদক্ষেপ। এরপর তারা ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচন বাতিল করতে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।
বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় বসতে আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্রের সঙ্গে বিদেশি একটি রাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, "ওই প্রভুরা একসময় বন্ধু সেজে আমাদের সংগ্রামে সহযোগিতা করেছিলো। তাদের যে অন্য মতলব ছিলো তখন জাতি তা বুঝতে পারেনি।"
দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস-পানি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের 'ব্যর্থতার' কঠোর সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, এ বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রতিবেদন দিয়েছে, তা যথেষ্ট নয়। দুর্নীতিতে দেশ ছেড়ে গেছে। আওয়ামী লীগের সবাই আজ দুর্নীতির আদর্শে নিয়োজিত।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন।
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "আপনারা সবক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। জনগণের কোনো সমর্থন আপনাদের প্রতি নেই। তাই জনমত যাচাইয়ে দ্রুত মধ্যবর্তী নির্বাচন দিন। নইলে এর চরম খেসারত আপনাদের দিতে হবে।''
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ স্মরণ সমাবেশে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া দলের সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আহমেদ আজম খান, সাংসদ আবুল খায়ের ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৬ ঘ.
bdnews24