২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে নিহতদের স্মরণে রাজধানীতে বিএনপির সভা বিকালে

২০০৬ সালের ২৯ অক্টোবর চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন পল্টনের সংঘর্ষে নিহতদের স্মরণে রাজধানীতে বৃহস্পতিবার বিকালে সভা করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৬ সালের ২৯ অক্টোবর চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন পল্টনের সংঘর্ষে নিহতদের স্মরণে রাজধানীতে বৃহস্পতিবার বিকালে সভা করবে প্রধান বিরোধী দল বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের চত্বরে বিকাল ৩টার দিকে শুরু হতে যাওয়া এ সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদও জানানো হবে বলে সকালে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "২০০৬ সালের এই দিনে আওয়ামী লীগ লগি-বৈঠার রাজনীতির মাধ্যমে মানুষ হত্যা করছিলো। সেই নিহতদের স্মরণ করার পাশাপাশি সরকারের বিভিন্ন দমননীতির প্রতিবাদও আজ জানানো হবে।" তিনি জানান, বিকাল ৩টায় এই স্মরণসভা শুরু হবে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেবেন। রিজভি বলেন, "পূর্ব ঘোষণা অনুযায়ী এই সভার স্থান নির্ধারিত ছিলো মুক্তাঙ্গনে। তবে সরকারি দলের একটি অঙ্গসংগঠন বৃহস্পতিবার সেখানে সমাবেশ করবে বলে আমরা স্থান পরিবর্তন করেছি।" গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনার পর ওই ঘটনার প্রতিবাদসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিন দিনের কর্মসূচি শেষে রাজধানীতে এই স্মরণসভা করতে যাচ্ছে বিএনপি। এজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনের চত্বরে একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। ১৬ অক্টোবর মুক্তাঙ্গন থেকে বিএনপি মহাসচিব ২০ অক্টোবর বিভাগীয় শহরে, ২৪ অক্টোবর জেলা পর্যায়ে এবং ২৭ অক্টোবর থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১১১৯ ঘ.