২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্তারুজ্জামান ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শেখ আক্তারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শেখ আক্তারুজ্জামান। বুধবার সেখানে উপ-নির্বাচন হয়। সন্ধ্যা ৭টায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। বেসরকারি ফল অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আক্তারুজ্জামান গরুর গাড়ি প্রতীক নিয়ে পাঁচ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ষাটগম্বুজ ইউনিয়ন যুবদলের সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৮৬৭ ভোট। ৪৯৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত মোল্লা আবুল কালাম আজাদ। এই উপ-নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২০০৮ সালের ১৩ ডিসেম্বর পদত্যাগ করেন। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তাকে ৩১ অক্টোবরের মধ্যে এখানে উপনির্বাচন করার নির্দেশ দেন। জেলা নির্বাচন কার্যালয় ২৭ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন হয়েছে। ষাটগম্বুজ ইউনিয়নে মোট ভোটার পনের হাজার ৫২১ জন। নির্বাচনে দশ হাজার ৭৮২ জন ভোটার অর্থাৎ শতকরা ৬৯ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.