২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৮ ছাত্র-যুবলীগ নেতার জামিন

পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুল এবং সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুতবিচার আইনের মামলায় জামিন পেয়েছেন ছাত্র ও যুবলীগের আট নেতা-কর্মী। তবে একই মামলায় ১৭ আসামির জামিন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

পাবনা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুল এবং সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুতবিচার আইনের মামলায় জামিন পেয়েছেন ছাত্র ও যুবলীগের আট নেতা-কর্মী। তবে একই মামলায় ১৭ আসামির জামিন নাকচ করেছে আদালত। এ মামলায় গ্রেপ্তার ছাত্র ও যুবলীগের ২৫ নেতা-কর্মীকে বুধবার দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। তাদের সবার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক পারভেজ শাহরিয়ার আটজনের আবেদন মঞ্জুর এবং ১৭ জনের আবেদন নাকচ করেন। এ মামলায় অন্য তিন আসামি আগেই জামিন পেয়েছেন। আদালত আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন। জামিন নাকচ হওয়াদের কারাগারে ফেরত পাঠানো হয়েছে। একই ঘটনায় ভাংচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ছাত্র ও যুবলীগের কর্মীদের হামলায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডল হয়ে যায়। ওই সময় মারধরের শিকার হন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। ওই ঘটনা নিয়ে জেলার সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ঘটনাটি আলোচিত হয় দেশজুড়ে। তবে এর কয়েকদিন পরই পাবনার প্রশাসনে ব্যাপক রদবদল আনে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.