ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক চায় না বলেই 'দমননীতির' পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া।
কিন্তু এভাবে বিএনপিকে 'দাবিয়ে' রাখা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিরোধী দলীয় নেতা।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে দলের অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "১/১১ তে যা ঘটে গেছে, তার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকারকে সহযোগিতাও করতে চেয়েছি। কিন্তু গণতন্ত্র ব্যাহতকারীদের কাছে এই সরকারের হাত-পা বাঁধা। তাই তারাও বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।''
খালেদা জিয়া দাবি করেন, মহাজোট সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। যতোই দিন যাচ্ছে বিএনপির জনসমর্থন বাড়ছে। বিএনপি এখন দুর্বল দল নয়। আগামীতে আর ক্ষমতায় আসতে পারবে না এটা বুঝতে পেরেই সরকার এখন লুটেপুটে খেতে ব্যস্ত।
ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "এ সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষা ছাড়া কিছুই করেনি। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, ভূমি দখল হচ্ছে- এর কোনটিরই প্রতিবাদ করেনি সরকার।"
দেশের সার্বভৌমত্ব বিপন্নকারী শক্তিকে 'শকুন' অভিহিত করে তাদের রুখতে দেশবাসীকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মীদের নেতৃত্ব মেনে সব পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩০ ঘ.
bdnews24