ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও বিরোধীদল বিএনপি সভা ডাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কসবার মুক্তমঞ্চ ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর।
তিনি সাংবাদিকদের জানান, সংঘর্ষ এড়াতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কসবা থানার ওসি হাম্মাদ হোসেন জানান, উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকাল ৩টায় মুক্তমঞ্চে সমাবেশ ডাকে।
উপজেলা ছাত্রলীগ একই স্থানে একই সময় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং খালোদা জিয়ার অপরাজনীতির প্রতিবাদে সমাবেশ ডাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24