২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আদালতের রায়ে খালেদাকে উচ্ছেদ করা যাবে না'

আদালতের রায় দিয়ে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় দিয়ে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ ক্ষেত্রে ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, "আদালতের রায় দিয়ে ভাষা আন্দোলন হয়নি, স্বাধীকার আন্দোলন হয়নি।" রুপগঞ্জে সেনাসদস্যদের আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে স্থানীয়দের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর শনিবার সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ক্ষমতাসীন দলের 'দোষারোপ করা' এবং বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে এই সভা আয়োজন করা হয়। সংঘর্ষের দিন এবং এর পরদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ দাবি করেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি জড়িত। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিট আয়োজিত সভায় ফোরামের ঢাকা বার শাখার জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়া বলেন, "বিচার বিভাগ দলীয়করণ করা হচ্ছে। পাকিস্তানে আইনজীবীরা যেভাবে আন্দোলন করে স্বৈরশাসককে উৎখাত করেছে এদেশেও তাই করা হবে।" অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মো. বোরহান উদ্দিন, আজিজুল ইসলাম বাচ্চু, মোসলেহউদ্দিন জসীম প্রমুখ আইনজীবী। সভা শেষে ফোরামের আদালত অঙ্গনে তারা বিক্ষোভ মিছিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫১ঘ.