ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুধা-দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব গড়তে ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীতে হোটেল রেডিসনে মঙ্গলবার সকালে এক কর্মশালার উদ্বোধনে প্রধানমন্ত্রী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গ্র"পের (এপিজি) সদস্য দেশগুলোর প্রতি এ আহ্বান জানান।
সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে অর্থ সবরাহ বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী এপিজি'র তিনদিনব্যাপী ১৩তম টাইপোলোজি কর্মশালায় সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদ ও দুর্নীতির মূলোৎপাটন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, "সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য নিঃসন্দেহে বিপুল অর্থের প্রয়োজন। এই অর্থ আসে মূলত মানি লন্ডারিংয়ের মাধ্যমে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অবৈধ অর্থের লেনদেন বন্ধ করা অপরিহার্য।"
"কোনো একক দেশের পক্ষে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এ জন্য সম্মিলিত সর্বাত্মক প্রচেষ্টা জরুরি।"
মানি লন্ডারিং ঠেকাতে বাংলাদেশ আন্তরিক
সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থকে মানি লন্ডারিংয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কর্মশালায় জানান, তার সরকার 'মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট'-এর মাধ্যমে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাস করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে এপিজি'র সদস্যভুক্ত দেশগুলোসহ অন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন আরো কার্যকর ও শক্তিশালী করতে জাতীয় সংসদে 'মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড এন্টি টেররিজম অ্যাক্ট' পাস করা হয়েছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, "বাংলাদেশ মানি লন্ডারিং সংক্রান্ত আন্তর্জাতিক সনদ, বিশেষ করে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএ) সুপারিশ বাস্তবায়নে আন্তরিক।"
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে 'মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন বন্ধ করা' সংক্রান্ত উচ্চ মতাসম্পন্ন একটি কমিটি গঠনের কথা উল্লেখ কওে শেখ হাসিনা বলেন, "এই কমিটিকে এর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রভাবশালীদের বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া হয়েছে।"
শেখ হাসিনা অভিযোগ করেন, "বিএনপি-জামায়াত জোট নেতাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ জঙ্গিবাদের উত্থানে সাহায্য করে। জঙ্গিরা ২০০৫ সালে ৬৩টি জেলার পাঁচশ' স্থানে একযোগে বোমা হামলা চালিয়েছিলো।"
সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ ও এপিজে'র নির্বাহী কর্মকর্তা ডেভিড শ্যানন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। বাংলাদেশ ব্যাংক ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় গ্র"প এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশসহ ৪০টি দেশের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২০ঘ.
bdnews24