ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপগঞ্জে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের আগের রাতে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে এর পরিকল্পনা হয় বলে দাবি করেছেন মাহাবুব-উল-হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবের দাবি, "বিএনপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। সংঘর্ষের আগের রাতে বিএনপি সমর্থিত স্থানীয় মেম্বার জয়নালের বাড়িতে বৈঠক করে এই ঘটনার পরিকল্পনা করা হয়।"
"পরের দিন তিন/চার হাজার মানুষ একই মাপের লাঠি ও গেঞ্জি পরে রাস্তায় নামে। এর থেকে বোঝা যায় এটা পরিকল্পিত," বলেন মাহাবুব।
সেনাসদস্যদের একটি আবাসন প্রকল্পের জমি নিয়ে শনিবার স্থানীয়দের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সংঘর্ষ হয়। এতে ১০ জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশত স্থানীয় অধিবাসী আহত হন।
সেদিনই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন এ ঘটনা বিরোধী দল বিএনপির পরিকল্পিত।
'স্থানীয় বিএনপি নেতার বাড়িতে পরিকল্পনা' প্রসঙ্গে সোমবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হানিফ বলেন, "প্রাথমিক তদন্তে আমরা এ তথ্য জেনেছি।"
তিনি বলেন, "রূপগঞ্জে সেনাবাহিনীর আবাসন প্রকল্পের আশপাশে হাউজিং কোম্পানিগুলো জায়গা কিনছে। এই ঘটনার পেছনে হয়তো তাদেরও ইন্ধন থাকতে পারে।"
হানিফ অভিযোগ করেন, সেনাবাহিনী বোর্ড বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পর থেকে বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
"যেকোনো ধরনের ঘটনা ঘটিয়ে তারা সেনাবাহিনীকে সরকার ও জনগণের মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করছে," বলেন তিনি।
সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে জানিয়ে হানিফ বলেন, "অবশ্যই তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।"
তবে তদন্ত শুরু হওয়ার আগেই হানিফ বলেন, "সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সেখানে বিএনপির ইন্ধন ছিলো।"
হানিফ জানান, সেখানে সেনাবাহিনী মধ্যম সারির কর্মকর্তাদের আবাসন ব্যবস্থার জন্য পাঁচ/ছয় মাস আগে থেকেই জমি কেনা শুরু করে।
তিনি বলেন, "বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে তারা জমি কিনছে বলে বলে আমরা জেনেছি। হঠাৎ করে পরিস্থিতি অবনতি হয়ে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে।"
ভুল বোঝাবুঝি এড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান হানিফ।
ঘটনার পর স্থানীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সেনাসদস্যদের আবাসন প্রকল্পের জন্য বাজারচলতি দামের চেয়ে কম দামে জমি কেনা হচ্ছে। কম দামে জমি কেনার বিষয়টি ওই সংঘর্ষের পর কয়েকটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনেও তুলে ধরা হয়।
হানিফ বলেন, "রূপগঞ্জের চার/পাঁচ মৌজায় মোট এক লাখ ২০ হাজার বিঘা জমি রয়েছে। সেনাবাহিনীর জমি দরকার পাঁচ হাজার বিঘা। সংশ্লিষ্ট এলাকার লোকজনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জমি কেনা শুরু হয়। সর্বশেষ বৃহস্পতিবার সেনাবাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৩৭ঘ.
bdnews24