২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ে পড়ে ঝগড়া করতে চায় সরকার: খালেদা

বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে 'ঝগড়া' করতে চায় বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে 'ঝগড়া' করতে চায় বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। সেইসঙ্গে তিনি সরকার বিরোধী আন্দোলন-কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান। সোমবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এ অভিযোগ করেন। সিরাজগঞ্জের ঘটনার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, "ইচ্ছাকৃতভাবে তারা ঝগড়া করতে চায়। আমরা শহীদ জেহাদ দিবস উপলক্ষে ওই গণজমায়েত করেছিলাম। কিন্তু যেখানে আমাদের কর্মসূচি ছিলো সেখানে তারা সভা ডেকেছে। এভাবে আমরা কোথাও সভা-সমাবেশ করলে সেখানে সরকারি দল ১৪৪ ধারা জারি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।'' অনুষ্ঠানে খালেদা জিয়া গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে নিহত সাতজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অর্থসাহায্য দেন। নিহতরা হলেন- মির্জা সাবান আলী, মির্জা শরীফুজ্জামান, সালাম তালুকদার, নুরুন্নবী, নান্টু সরকার, আবদুল লতিফ ও আবদুল বাসেত। তারা সবাই বিএনপি কর্মী। এছাড়া সিরাজগঞ্জে প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ১৬ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ চলছে না। অচল হয়ে পড়েছে। দেশ সন্ত্রাসী, টেন্ডারবাজীদের হাতে বন্দি। এ থেকে মুক্তি পেতে জনগণকে এগিয়ে আসতে হবে। আন্দোলনের কর্মসূচি সফল করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংস করার চিন্তায় মগ্ন। বিএনপিকে নিশ্চিহ্ন করে এদেশকে করদ রাজ্যে পরিণত করে তারা পুতুল সরকার হিসেবে ক্ষমতায় থাকতে চায়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, "মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই।" চার দলীয় জোট সরকারের আমলে দ্রব্যমূল্য কম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো ছিলো বলে দাবি করেন তিনি। ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৫ ঘ.