চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হলে চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
সোমবার বিকালে নগরীর লালখানবাজার মোড়ে খুলশী থানা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুমকি দেন।
খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ প্রদান, নাটোরে উপজেলা চেয়ারম্যন হত্যার বিচার দাবি ও সিরাজগঞ্জে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কথিত মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান অভিযোগ করেন, সরকার রাজনৈতিক 'প্রতিহিংসা' চরিতার্থ করতে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।
সরকারকে বন্য হাতির সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন যে, সরকার হত্যা, সন্ত্রাস, বাড়ি দখল ও মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি এম এ সবুর, পাহাড়তলি থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম, নগর যুবদল সভাপতি আবুল হাসেম বক্কর, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২০২০ ঘ.
bdnews24