২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেন্দ্রীকরণ নীতিমালার দাবি জাসদের

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বিকেন্দ্রীকরণ নীতিমালা করার দাবি জানিয়েছে মহাজোট সরকারের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বিকেন্দ্রীকরণ নীতিমালা করার দাবি জানিয়েছে মহাজোট সরকারের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে সরকারের প্রতি এ আহ্বান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দেখভালের জন্য স্থানীয় সরকার কমিশন গঠন করা উচিত বলে মনে করেন ইনু। দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 'রাজনৈতিক প্রতিশ্র"তি, জনগণের আকাঙ্খা ও স্বশাসিত স্থানীয় সরকার বাস্তবায়নে কতিপয় প্রস্তাবনা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাসদ। সংসদ সদস্য ইনু বলেন, "সংবিধানে প্রত্যেক প্রশাসনিক এককগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। "অথচ ক্ষমতা কেন্দ্রীভুত হয়ে থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, ব্যাহত হচ্ছে উন্নয়ন।" একই সঙ্গে সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটিকে স্থানীয় সরকার আইনে যেসব অসঙ্গতি রয়েছে তা দূর করতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নির্বাচনী ইশতিহারের অঙ্গীকার বাস্তবায়ন করা।" স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সংসদ সদস্যদের ভোটে নয়, সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করতে সংবিধান সংশোধন করারও আহ্বান জানান অধ্যাপক মোজাফফর। "স্থানীয় সরকার কমিশন বাতিল করা উচিত হয়নি," মন্তব্য করে তিনি বলেন, "এ ব্যাপারে স্থানীয় সরকার প্রতিনিধিদের সোচ্চার হতে হবে।" সেমিনারে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে জাসদের পক্ষ থেকে ১৫ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনের সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধির কর্তৃত্ব চালু করা, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার শক্তিশালী করা, পার্বত্য ও সমতলের আদিবাসীদের সামাজিক ব্যবস্থাকে স্থানীয় সরকার কাঠামো প্রক্রিয়ায় সমন্বয় করা ইত্যাদি। সেমিনারের বক্তব্য দেন- জাসদের কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য চৌধুরী খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান এস এম খাদেমুল ইসলাম, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিমা জামান ববি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৬ঘ.