২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবরকে চট্টগ্রামে আদালতে নিতে বাধা নেই'

সর্বোচ্চ আদালতের এক আদেশের ফলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামে আদালতে হাজির করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সরকারের একজন আইন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের এক আদেশের ফলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামে আদালতে হাজির করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সরকারের একজন আইন কর্মকর্তা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাবরকে অন্যত্র স্থানান্তরের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সোমবার বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারের এক আবেদনে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। বাবরের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। আদেশের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে হাজির করার জন্য আদেশ (সমন) দিয়েছিলো চট্টগ্রামের আদালত। ওই আদেশ স্থগিত করে দিয়েছিলো হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশ বাতিল করেছে আপিল বিভাগ।" তিনি আরো বলেন, "আপিল বিভাগের এই আদেশের ফলে ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করার ক্ষেত্রে কোনো বাধা রইলো না।" তবে বাবরের একজন আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বাতিল করলেও বাবর এই বিষয় নিয়ে নতুন করে আবেদন করতে পারবেন। গত ১২ অক্টোবর হাইকোর্ট বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করার আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছিলো। পরদিন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদনের ওপর শুনানি তার উপস্থিতিতে হওয়ার কথা ছিলো। ৭ অক্টোবর করা এক আবেদনের পরিপ্র্রেক্ষিতে হাসপাতাল থেকে তাকে অন্য কোথাও না সরানো বিষয়ক ওই আদেশ দেয় বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের বেঞ্চ। আবেদনে বলা হয়, বাবর খুবই অসুস্থ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তর করা হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এর আগে গত ৩ অক্টোবর ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী বাবরকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেন। ২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র-গোলাবারুদ আটক করে পুলিশ। ওইসময়ে তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করা মামলার তদন্ত অন্য খাতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায়ও বাবর বন্দি আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২৩১ ঘ.