সিরাজগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কামারখন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
হামলায় আহত হয়েছে যুবলীগের আরো কয়েকজন নেতাকর্মী।
রোববার দুপুরে উপজেলার জামতৈল পশ্চিম বাজারে রফিকের ওপর এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও সংগঠনের নেতারা জানিয়েছে।
তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক নুরুল হক সাংবাদিকদের জানান, রফিক, আল আমিন হোসেন ও সাইফুল ইসলাম বাবুসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মী জামতৈল পশ্চিম বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের ছোট ভাই ইসমাইল হোসেন ও ইসরাইল হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি নুরুল হক জানান।
কামারখন্দ থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষই আওয়ামী লীগের সমর্থক। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
কেউ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24