নোয়াখালী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের বাধায় রোববার নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। সমাবেশও করতে হয়েছে সংক্ষিপ্ত।
বিএনপি নেতাদের অভিযোগ, বিনা কারণে পুলিশ কর্মসূচির শুরুর আগ মুহূর্তে চেয়ার টেবিল ছিনিয়ে নিয়ে গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সুধারাম (নোয়াখালী সদর) থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজারের সামনে জড়ো হয়।
এক পর্যায়ে পুলিশ তাদের কর্মসূচি পালন না করে সরে যেতে বলে।
এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে পুলিশ সমাবেশস্থল থেকে চেয়ার ছিনিয়ে নিয়ে যায় এবং মাইক লাগাতে বাধা দেয় বলে তিনি অভিযোগ করেন।
এ নিয়ে পুলিশ ও বিএপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ বিক্ষোভ মিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত সমাবেশ করতে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুধারাম থানা বিএনপি'র সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, শহর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম কিরণ, জেলা যুবদলেরর সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস প্রমুখ।
সমাবেশস্থল থেকে চেয়ার টেবিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে সুধারাম থানার পরিদর্শক জাহিদুল হক সাংবাদিকদের বলেন, উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপিকে শহরে বিক্ষোভ করতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24