গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তেজনার পরিপ্রেক্ষিতে পুলিশের বাধায় গাজীপুরের মুক্তমঞ্চে বিএনপি ও যুবলীগ কেউই সমাবেশ করতে পারেনি।
তবে বিএনপি জেলা কার্যালয়ের সামনে বিকালে প্রতিবাদ সভা করেছে।
অন্যদিকে কর্মসূচি পালন করেনি যুবলীগ।
নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ড, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পারোল বাতিল, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি রোববার বিকেল ৩টায় মুক্তমঞ্চে সমাবেশ ডাকে।
অন্যদিকে গাজীপুর পৌর যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একইস্থানে একই সময় সমাবেশ ডেকে শনিবার থেকে মাইকিং করে।
সমাবেশ নিয়ে বিএনপি ও যুবলীগ নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ রোববার সকাল থেকে সমাবেশস্থল ঘিরে রাখে।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির আবেদন করার কথা শুনেছেন তিনি। তবে যুবলীগের আবেদন তিনি পাননি।
তিনি বলেন, আলাদা স্থানে সমাবেশ করতে দুপক্ষ রাজি হওয়ার পর বিএনপি বিকালে তাদের কার্যালয়ের সামনে সভা করেছে। মুক্তমঞ্চে ১৪৪ ধারা জারির প্রয়োজন হয়নি।
দুটি সংগঠনের কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিকাল ৪টার দিকে জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদসভা করেছে দলটির নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন- জেলা বিনপি'র সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সোহরাব উদ্দিন প্রমুখ।
মিলন বলেন, "সভার অনুমতি নিলেও আমাদের সভা করতে দেওয়া হয়নি। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।"
বর্তমান সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর বিভিন্নভাবে জুলুম, হামালা ও মামলায় হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, পুলিশের অনুরোধে মুক্তমঞ্চে তারা সভা করেননি। পরে ওই সভার তারিখ নির্ধারণ করা হবে।
জেলা বিএনপি'র দপ্তর সমন্বয়ক মাজহারুল আলম অভিযোগ করেন, তাদের কর্মসূচি বানচালের জন্যই স্থানীয় আওয়ামী লীগ পৌর যুবলীগের ব্যানারে একই সময়ে একইস্থানে সভা ডেকে শহরে মাইকিং শুরু করে।
গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া বলেন, রোববার বিকালে মুক্তমঞ্চে বিএনপি'র সমাবেশ ডাকার বিষয়টি তার জানা ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24