২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় বিবাদে মিনুর সভা পণ্ড

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপি'র দু'পক্ষের বিবাদের কারণে পণ্ড হয়ে গেছে দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনুর জনসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 11:31 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

নীলফামারী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপি'র দু'পক্ষের বিবাদের কারণে পণ্ড হয়ে গেছে দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনুর জনসভা। বিএনপির দুটি পক্ষ উপজেলা সদরের ট্রাফিক মোড়ে শনিবার একই সময়ে সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। ফলে সভা না করেই ফিরতে হয়েছে বিএনপির যুগ্মমহাসচিব মিনুকে। মিনুকে প্রধান অতিথি করার ঘোষণা দিয়ে জলঢাকা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সকাল ১১টায় সরকারবিরোধী প্রতিবাদ সভা আহ্বান করেন। এরপর জলঢাকা পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল কবীর চৌধুরীও সে স্থানে সভার কর্মসূচি দেন। দুই পক্ষের সভা ঘিরে সহিংসতার আশঙ্কায় জলঢাকা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত খান শুক্রবার রাতে জলঢাকা পৌর এলাকাসহ পার্শ্ববতী টেংগনমারী ও বড়ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেন। শনিবার সকালে পৌরসভার ট্রাফিক মোড়, টেংগনমারী ও বড়ঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। নীলফামারীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'গ্র"পের সভা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ছিলো। তাই প্রশাসন বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করেছে।" তিনি জানান, সভার স্থান ও সময় নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার বিএনপির দুই পক্ষের সঙ্গে পুলিশ আলোচনা করলেও তা ব্যর্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭৩০ ঘ.